হাঁস ধান খাওয়ায় সংঘর্ষে কৃষক নিহত
হাঁস ক্ষেতে বিছানো ধান খাওয়াকে কেন্দ্র করে শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি গ্রামে দুই দলের সংঘর্ষে এক বৃদ্ধ কৃষক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর গ্রামে এ ঘটনায় নিহত নান্ডা মিয়ার (৭০) ছেলে মিশু মিয়া বুধবার সকালে একটি হত্যা মামলা করেন বলে শ্রীবরদী থানার এসআই বশির আহম্মেদ বাদল জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরের এ সংঘর্ষে আহত নান্ডা সন্ধ্যায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই ছয় জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় বাসিন্দা সুরুজ মিয়া, সামসুল হক, ফিরোজা বেগম, মমতা বেগম, লেবু মিয়া ও মামুন মিয়া বলে জানান এসআই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিশু মিয়ার দায়েরকৃত মামলায় ২১ জন আসামির মধ্যে আটক ছয় জনের নামও রয়েছে।
আহতদের মধ্যে পারিয়াকে (৯) জেলা সদর হাসপাতালে, নিয়ামত আলীকে (৬০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়।
গ্রামবাসীর উদ্ধৃত করে এসআই বশির জানান, ক্ষেতে বিছিয়ে রাখা ধান হাঁস খেয়ে নেয়ায় নান্ডা মিয়ার সঙ্গে সুরুজের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুজনের স্বজনদের মধ্যে সংঘর্ষ বাধলে একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়ে।
এ সময় বুকে ইটের আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ নান্ডা। পরে তিনি হাসপাতারে মারা যান।
তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
