ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন বন্ধ
জামালপুরের পিয়ারপুরে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জামালপুরের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, ২৫১ নম্বর লোকাল ট্রেনটি ময়মনসিংহ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল।
পিয়ারপুর স্টেশন ছেড়ে বুধবার সকাল ৮টা ২০ মিনিটে বাড়িগাঘড়ি এলাকায় পৌঁছানোর পর ইঞ্জিনের গিয়ারবক্স ভেঙে গেলে দুটি চাকা লাইনচ্যুত হয়।
ফলে ময়মনসিংহ-জামালপুর পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র নরুন্দি স্টেশনে আটকা পড়ে।
পিয়ারপুরের স্টেশন মাস্টার আব্দুল কাদির জানান, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। দুর্ঘটনাকবলিত ইঞ্জিন সরিয়ে নেয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হবে।
