নিঃস্বার্থভাবে সেবা করুন: রাষ্ট্রপতি
সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের নিঃস্বার্থভাবে দেশ ও জনগণের সেবা করতে বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) তিনি কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের উদ্দেশে বলেন, “শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে তোমাদের জীবনের প্রধান ব্রত।”
৬৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, ৪০ তম বিএমএ স্পেশাল কোর্স এবং বিএমএ স্পেশাল শর্ট কোর্সের (প্যালেস্টাইন) ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি আরো বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী নিয়োগের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেনাবাহিনী দেশে ও বিদেশে অর্পিত দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখছে।
“তোমাদের মনে রাখতে হবে, তোমরা এ দেশের জনগণেরই অবিচ্ছেদ্য অংশ, জনগণের সুখ-দুঃখ হাসি কান্নার সমান অংশীদার।”
কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, স্থানীয় এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল সাব্বির আহমেদ এবং বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদারসহ মন্ত্রী, সাংসদ, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির কুচকাওয়াজের মাধ্যমে মোট ১৬১ জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ৩৯ জন প্যালেস্টাইনের এবং একজন নেপালি ক্যাডেটও রয়েছেন। কমিনসাতজন মহিলা ক্যাডেটও আছেন।
অনুষ্ঠানে ৬৯ তম দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকস ক্যাডেট হিসেবে মো. খোরশেদ হাসানকে ‘সোর্ড অব অনার’ প্রদান করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে সামরিক বিষয়ে অনন্য কৃতিত্বের জন্য তাকে ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ও দেয়া হয়।
