পাবনায় ট্রাক-নসিমন সংঘর্ষ, নিহত ২
পাবনা-নগড়বাড়ি মহাসড়কে ট্রাক ও নসিমনের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হন চার জন।
মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন সুজানগর উপজেলার গাবগাছি গ্রামের প্রয়াত জালাল উদ্দিন খন্দকারের ছেলে সুজা উদ্দিন (২৪) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে সেলিম রেজা (৩০)।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধোপাঘাট এলাকায় একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রী নিহত হন।
আহতদের মধ্যে দুই জনকে আশংকাজনক অবস্থা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতালের ব্রাদার আবুল কালাম আজাদ।
