বন্দরে আমদানি নিষিদ্ধ ফটোকপিয়ার আটক
বন্দরের চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এলাকা থেকে আমদানি নিষিদ্ধ পুরাতন ফটোকপিয়ার মেশিন ভর্তি একটি কন্টেইনার জব্দ কয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকালে জব্দ কন্টেইনারটির খুলে কায়িক পরীক্ষা করে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
কন্টেইনারটি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের নামে আমদানি করা হয়েছে।
কায়িক পরীক্ষায় ওই কন্টেইনারে ৫১টি ফটোকপিয়ার মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া গেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ নভেম্বর বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের নামে আমদানি করা কন্টেইনারটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়।
“আজ (মঙ্গলবার) কায়িক পরীক্ষা করে আমদানি নিষিদ্ধ ফটোকপিয়ার মেশিন ও যন্ত্রাংশ পাওয়া গেছে।”
চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুন্সিগঞ্জের গজারিয়ার ঠিকানায় মেসার্স বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের নামে আমদানি করা পণ্যের চালানটি ছাড় করাতে গত ১৭ নভেম্বর কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করা হয়।
ওই নথিতে কাগজ ও কাগজের বোর্ড তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানির ঘোষণা দেয়া হয়।
কাস্টমস কর্মকর্তা আজিজ জানান, চালান সংশ্লিষ্ট সি অ্যান্ড এফ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৌখিকভাবে চালানটি বসুন্ধরা পেপার মিলের নয় দাবি করলেও লিখিত কোন দাবি দেয়া হয়নি।
