২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বছরের প্রথম কর্মদিবসেই বই পাবে শিক্ষার্থীরা’

নতুন বছরের প্রথম কর্মদিবসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে অবরোধের মধ্যে ‘বিশেষ কৌশলে’ স্কুলগুলোয় বিনামূল্যের পাঠ্যবই পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 08:15 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই ‘বিশেষ কৌশলের’ কথা বললেও কীভাবে বই পৌঁছানো হয়েছে বা হচ্ছে তা জানাননি মন্ত্রী, যেদিন শেষ হয়েছে বিরোধী দলের টানা চার দিনের অবরোধ কর্মসূচি। 

শিক্ষামন্ত্রী বলেন, “এবার তিন কোটি ৭০ লাখের বেশি শিক্ষার্থীর হাতে ৩০ কোটি বই তুলে দেয়া হবে। সাড়ে নয় হাজার ট্রাকে বিশেষ কৌশলে দেশের সব স্কুলে বই পৌঁছে দেয়া হচ্ছে। তবে কীভাবে এসব বই পৌঁছাচ্ছি সেটা বলব না।”

১ জানুয়ারি সরকারি ছুটি থাকায় এবার ২ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী আশ্বস্ত করেন বছরের প্রথম কর্ম দিবসে সব শিক্ষার্থী নতুন বই নিয়ে বাড়ি যেতে পারবে।
 

অবরোধে পরীক্ষা নিতে না পারায় কোনো কোনো বিদ্যালয়ে ‘অটো প্রমোশন’ দেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “অটো প্রমোশন নয়, বিদ্যালয়গুলো বাস্তব অবস্থা বিবেচনা করে নিজ নিজ কৌশলে মূল্যায়ন করে শিক্ষার্থীদের প্রমোশন দেবে।”

এসময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।

২০১০ সাল থেকে সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে। গত চার বছরে ১২৪ কোটি বই বিতরণ করা হয়েছে।