রানা প্লাজা ও তাজরিনে ক্ষতিস্তদের ক্ষতিপূরণ দাবি
সাভারের রানা প্লাজা এবং আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে প্রতীক অবস্থান ও সমাবেশ করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।
মঙ্গলবার দুপুরে ধসে পড়া রানা প্লাজা এলাকায় এই অবস্থানে অংশ নেয় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতিসহ স্থানীয় কয়েকটি শ্রমিক সংগঠন।
এর আগে রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত আহত, নিহতদের পরিবার ও সন্তানের ভরণপোষণ, ক্ষতিপূরণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন তারা।
আয়োজিত সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভিন, কেন্দ্রীয় নেতা নুরুন নাহার প্রমুখ।
বক্তারা বলেন, রানা প্লাজা ধসের ৮ মাস পরও ১১৩১ জন নিহতের পরিবার, ১৫ শতাধিক আহত ও নিখোঁজের পরিবারের সদস্যরা তেমন কোনো ক্ষতিপূরণ পায়নি।
তাদের পরিবারের সদস্যরা অমানবিক জীপনযাপন করছে। সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। অনেক আহত শ্রমিক প্রয়োজনীয় চিকিৎসা থেকেও বঞ্চিত হয়।
তারা বলেন, আট মাস পরও রানা প্লাজার ধংসস্তূপে শ্রমিকদের দেহাবশেষ ও মাথার খুলি পাওয়া যাচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে এখনও ধংসস্তূপে শ্রমিকের লাশ চাপা পড়ে রয়েছে।
বক্তারা রানা প্লাজার পাঁচটি গার্মেন্টস এবং তাজরীন ফ্যাশনস থেকে কাপড় ক্রয়কারী ওয়াল মার্ট, প্রাইমার্ক, স্টোর ২১, জেসিপেনি, চিলড্রেন প্লেস, কিড্স ফ্যাশন, ডিজনি, এডিনবার্গ উলেন মিলসহ ৩৫টি বায়ারের প্রতিও সহায়তার দাবি জানান।
তারা অবিলম্বে তারজীনের মালিক দেলোয়ার হোসেনসহ অভিযোগপত্রের আসামিদের গ্রেপ্তারের দাবিও জানান।
সমাবেশে রানা প্লাজা ও তাজরীনের আহত-নিহত ও নিখোঁজের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
এবছরের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩১ জন।
আগের দিন ফাটল ধরার পরও ওই ভবনে থাকা পাঁচটি গার্মেন্ট কারখানায় শ্রমিকদের পরদিন সকালে কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে বেঁচে ফিরে আসা শ্রমিকরা অভিযোগ করেছেন।
এ ঘটনায় রানা ও গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ফৌজদারী দণ্ডবিধি ও ইমারত আইনে দুটি মামলা হয়েছে। পরে আদালতের অনুমতি নিয়ে দণ্ডবিধির মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টার অভিযোগ যুক্ত করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
এছাড়া গত বছরের (২০১২ সাল) ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে অগ্নিদগ্ধ হয়ে ১১০ জনের মৃত্যুর হিবাস দিয়েছে সরকার।
