এবারও অব্যাহতি মেলেনি লিমনের
র্যাবের করা একটি মামলায় লিমনকে অব্যাহতি দেয়ার বিষয়ে শুনানির তারিখ আবারো পিছিয়েছে আদালত।
মঙ্গলবার নতুন এ তারিখ নির্ধারণ করেন ঝালকাঠীর ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিকারক আরিফুজ্জামান। মুখ্য বিচারিক হাকিম না থাকায় তিনি দায়িত্বে আছেন।
নতুন তারিখ হলো ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি।
লিমনের আইনজীবী মানিক আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় র্যাবের দায়ের করা মামলা দুটি থেকে লিমনকে অব্যাহতি দেয়ার নির্দেশ দেয়।
নির্দেশ মোতাবেক ঝালকাঠী আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলা দুটি থেকে লিমনকে আব্যাহতি দেয়ার জন্য আদালতে আবেদন করেন।
ওই আবেদনে গত ২৯ জুলাই ঝালকাঠীর বিশেষ ট্রাইব্যুনাল র্যাবের করা অস্ত্র মামলা থেকে লিমনকে অব্যাহতি দেয়।
কিন্তু বিচারকের পদ শূন্য থাকায় ঝালকাঠী মুখ্য বিচারিক হাকিম আদালতে চলা সরকারি কাজে বাধা দেয়ার মামলাটি ঝুলে থাকে।
২০১১ সালের ২৩ মার্চ র্যাবের সঙ্গে কথিত বন্দুযুদ্ধে গুলিতে পা হারান ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন।
র্যাব এ ঘটনায় লিমনকে অভিযুক্ত করে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দুটি মামলা দায়ের করে। আর এ নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচনার মধ্যে গত ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের বিরুদ্ধে মামলা দুটি প্রত্যাহারের নির্দেশ দেয়।
