২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ দিন পর দপ্তরে আনিসুল

নির্বাচনকালীন সরকারের পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ২২ দিন পর সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 12:26 AM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা অজিত কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ১২টায় মন্ত্রী তার দপ্তরে আসেন। তিনি দাপ্তরিক কাজও করেন।

তবে জাতীয় পার্টির অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আগের মতোই অফিস করছেন না।

সবশেষ গত ৩ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম সচিবালয়ে অফিস করেন।

অন্যদিকে বিমানমন্ত্রী এ বি এম রুহুল আমীন হাওলাদার এবং আনিসুল ইসলাম মাহমুদ গত ১ ডিসেম্বর সবশেষ অফিস করেছেন।

গত ১৫ ডিসেম্বর আনিসুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে অংশ নিলেও তার দপ্তরে যাননি।

আর বাণিজ্যমন্ত্রী জি এম কাদের গত ৫ ডিসেম্বর সচিবালয়ে শেষ অফিস করেছেন।

এদের মধ্যে রুহুল আমীন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব এবং অন্যরা সভাপতিমণ্ডলীর সদস্য।