বনানীতে সমাহিত বিচারপতি বদরুল হক
সহকর্মী, পেশাগত ও রাজনৈতিক উত্তরসূরিরা শেষ বিদায় জানানোর পর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে বিচারপতি এ কে বদরুল হক বাচ্চুকে।
সোমবার জোহরের নামাজের পর সুপ্রিম কোর্টে তার নামাজে জানাজা হয়। এতে বিচারপতি, আইনজীবী ছাড়াও ষাটের দশকের এই ছাত্রনেতার সতীর্থরাও অংশ নেন। বিকালে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।
জরুরি অবস্থা চলাকালে ২০০৮ সালের ২ মার্চ হাই কোর্ট বিভাগ থেকে স্বাস্থ্যগত কারণে স্বেচ্ছায় অবসর নেয়া বদরুল হক ৭৩ বছর বয়সে রোববার মারা যান।
বাষট্টির শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা বদরুল হক ওই দশকে ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। রুশ-চীন দ্বন্দ্বে আলাদা হওয়ার আগে তিনি ছিলেন অবিভক্ত ছাত্র ইউনিয়নের সর্বশেষ সভাপতি।
ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এখনকার রাজনীতিক হায়দার আকবর খান রনো। পঙ্কজ ভট্টাচার্য ওই কমিটির কার্যকরি সভাপতি ও নুরুর রহমান কার্যকরী সাধারণ সম্পাদক ছিলেন।
সুপ্রিম কোর্টে জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান নিজামুল হক নাসিম, ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান ওবায়দুল হাসান, হাই কোর্ট বিভাগের বিচারপতি এসএম এমদাদুল হক, বজলুর রহমান, এম ইনায়েতুর রহিম, জাহাঙ্গীর হোসেন, আনোয়ারুল হক, কাজী ইজারুল হক আকন্দ, জাফর আহমেদ প্রমুখ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যটর্নি জেনারেল এম কে রহমান, মো. মোমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, মনজিল মোরসেদও জানাজায় অংশ নেন।
বদরুল হকের সময়ের ছাত্রনেতাদের মধ্যে ওয়ার্কাস পার্টির সভাপতি ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা মসিউর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর, অধ্যাপক মুনতাসীর মামুন জানাজায় অংশ নেন।
সাবেক সভাপতির জানাজায় অংশ নেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, বর্তমান সভাপতি এস এম শুভ, সাধারণ সম্পাদক হাসান তারিক।
জানাজার পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ঐক্য ন্যাপ, বাংলাদেশ মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বদরুল হকের জন্ম ১৯৪১ সালের ২৬ সেপ্টেম্বর পটুয়াখালীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে বিএ, এমএ এবং এলএলবি ডিগ্রি নেন।
তিনি ১৯৭০ সালে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। ১৯৭৬ সালে হাই কোর্ট এবং ১৯৮৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
১৯৯৬ সালের ১ জুন থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি হাই কোর্ট বিভাগের বিচারপতি ছিলেন।
বদরুল হকের স্ত্রী কয়েক বছর আগে মারা যান। তার বড় ছেলে একে রাশেদুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী। ছোট ছেলে একে মাহমুদুল হক মেডিকেলের শিক্ষার্থী।
বদরুল হকের মৃত্যুতে আগামী শনিবার বিকাল ৩টায় ছাত্র ইউনিয়ন পরিবারের উদ্যোগে নাগরিক শোকসভা করা হবে। বুধবার ধানমন্ডি ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে হবে পারিবারিক উদ্যোগে কুলখানি।
