পাবনায় ‘পুলিশ পাহারায়’ থাকা গাড়ি ভাংচুর
পাবনার ঈশ্বরদীতে ‘পুলিশ পাহারায়’ যাওয়ার সময় বাস-ট্রাক ভাংচুর করেছে অবরোধকারীরা।
সোমবার বিকালে বিআরটিসির একটি বাসসহ অন্তত ১৫টি ট্রাকে ভাংচুরের করার ঘটনা স্বীকার করেছেন বিএনপি-জামায়াত জোট নেতারা। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তার জানা নেই।
বিআরটিসি পাবনা ডিপোর ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান ভাংচুরের সত্যতা স্বীকার করে জানান, বিআরটিসির গাড়ি ভাংচুর হয়েছে। তবে গাড়িটি আমাদের ডিপোর নয়, অন্য কোনো ডিপোর গাড়ি।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা জানান, ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া গোলচত্বরে ১৮ দলের বিক্ষোভ কর্মসূচি চলছিল।
“বিকালের দিকে রাজশাহী থেকে পুলিশ পাহারায় একটি বিআরটিসি বাস ও ১৪টি ট্রাকের বহর দাশুড়িয়া অতিক্রম করার সময়ে বিক্ষুদ্ধ অবরোধকারীরা ভাংচুর চালায়।”
এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বলে জানান তিনি।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক সাইদুল ইসলামও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
