৬২ বছরে জাফর ইকবাল
স্বজন শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সোমবার ৬২ বছরে পদার্পণ করলেন জনপ্রিয় সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
ঢাকায় পরিবারের সদস্যদের সঙ্গে এবারের জন্মদিন পালন করছেন বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
অধ্যাপক জাফর ইকবাল বলেন, সকাল থেকে সবাই আসছে, শুভেচ্ছা জানাচ্ছে, সবাই মিলে আনন্দ করছে। তাই সবার অনেক অনেক ভালবাসা উপভোগ করছেন।
‘শিশু কিশোররা দলে দলে এসে শুভেচ্ছা জানাচ্ছে’ এতেই আজকের দিনটা একটু আলাদা মনে হচ্ছে বলে জানান শিশুসাহিত্যের এই জনপ্রিয় লেখক।
১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন জাফর ইকবাল।
বাবা মুক্তিযুদ্ধে শহীদ ফয়জুর রহমান এবং মা আয়েশা ফয়েজ। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ বড় ভাই এবং কার্টুনিস্ট, সাহিত্যিক আহসান হাবীব তার ছোট ভাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ক্যালিফোর্নিয়া ইনিস্টিটিউট অব টেকনোলজিতে পোস্টডক্টরাল গবেষণা করেন।
১৯৮৮ তে তিনি বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ এ গবেষক হিসেবে যোগ দেন এবং ১৯৯৪ পর্যন্ত সেখানে কাজ করেন।
১৯৯৪ সালে দেশে ফিরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন।
বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ ও তড়িৎযন্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্মরত আছেন।
তার লেখা অনেকগুলো কিশোর উপন্যাস বাংলা কিশোর-সাহিত্যকে সমৃদ্ধ করেছে। একাধিক কিশোর উপন্যাস থেকে চলচ্চিত্রও নির্মিত হয়েছে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড গড়ে তোলার পিছনে তাঁর অসামান্য অবদান রয়েছে। গণিত শিক্ষার উপর তিনি বেশ কয়েকটি বই রচনা করেছেন।
