পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি
কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের প্রতিবাদ অব্যাহত রয়েছে।
সোমবার পাবনা ও মাগুরায় মানববন্ধন, বিক্ষোভ ও পাকিস্তানি পতাকায় অগ্নিসংযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি জানান, দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাহিত্যিক মাকিত হায়দার, মানবাধিকারকর্মী আব্দুল মতীন খান, থিয়েটার-৭৭ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রলয় চাকী, গণমঞ্চের সভাপতি গণেশ দাস, গণশিল্পী সংস্থার সহসভাপতি ভাস্কর চৌধুরী, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মাহবুব আলম লিটন প্রমুখ।
বক্তারা বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানি পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা পাকিস্তানি পণ্য বর্জন ও ওই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।
এদিকে বেলা ১টার দিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।
মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের দোয়েল চত্বরে পথসভা করেন তারা।
মাগুরায় পাকিস্তানের পতাকায় আগুন
দুপুরে জেলা শহরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও পাকিস্তানের পতাকায় আগুন দিয়েছে জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ।
শহরের চৌরঙ্গীর মোড়ে মুক্তিযোদ্ধাদের এই মানববন্ধনে কয়েকশ মুক্তিযোদ্ধা অংশ নেন।
পরে জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গোলাম মওলা, এটিএম মহব্বত আলী প্রমুখ।
বক্তারা পাকিস্তানের পার্লামেন্টে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে নিন্দা প্রস্তাবের ধৃষ্টতার প্রতিবাদে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তারা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। পরে সেখানে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানান।
সমাবেশ থেকে আইন করে জামাত শিবিরের রাজনীতি বন্ধেরও আহবান জানানো হয়।
