২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা খেটে ফিরলেন ১৯ জেলে

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাড়ে তিন বছর দণ্ড ভোগের পর ভারত থেকে ফিরেছেন ১৯ জেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রোববার রাতে বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে। পরে তাদের বেনাপোল বন্দর থানায় নেয়া হয়।

এরা হলেন- পটুয়াখালীর রুহুল আমিন (২২), দুলাল মাঝি (২৪), সাইফুল (২৬), অধিরচন্দ্র (৪০),দেলোয়ার (৩০), অসিম চন্দ্র (৩২),দীলিপ মণ্ডল (৪০), পিরোজপুরের সিদ্দিক (৩০), হালিম জমাদ্দার (৩৬), আালামিন (২৮), জলিল হাওলাদার (৩৮), শামিম মালাকার (৩২), ইমাদুল (২৮), হাসেম খান (৩৫), গফফার (৪২), বিল্লাল (২৮), কবির (৩৬), ফারুক (৩০) ও ঠাকুরগাঁওয়ের ইয়াসিন আরাফাত (২৫)।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের ৬ অগাস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশি দুটি ট্রলার ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে।

ভারতীয় উপকূলরক্ষীরা ট্রলারসহ ২১ জেলেকে আটক করে আদালতের মাধ্যমে আলীপুর কারাগারে পাঠায়। ১৪ মাস বিচারকাজ শেষে প্রত্যেককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫১ হাজার ৫০০ রুপি জরিমানা করে ভারতের একটি আদালত।

কারাদণ্ডের মেয়াদ শেষে রোববার রাতে ২১ জনের মধ্যে ১৯ জনকে দেশে ফেরত পাঠায় ভারত সরকার।

অন্য দুই জেলে পটুয়াখালীর রাঙ্গাবালির সুলতান হাওলাদার (৭০)ও আফতার আলী জমাদ্দার (৬৫) সাজাভোগের সময়ই মারা যান বলে বিজিবি কর্মকর্তা আব্দুল্লাহ জানান।

বন্দর থানার ওসি পরিদর্শক কাইয়ুম আলী সরদার জানান, কাগজপত্র যাচাই শেষে তাদের ছেড়ে দেয়া হবে।