কাসেমী বললেন স্থগিত, বাবুনগরীর ‘না’
ঢাকা থেকে স্থগিতের আধা ঘণ্টার মাথায় চট্টগ্রামে বসে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী জানালেন, মতিঝিলে সমাবেশ করার সিদ্ধান্তে তারা অনড়।
সোমবার বেলা ১টার দিকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা সমাবেশ স্থগিত করিনি। আমাদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে ঢাকায় যেতে বাধা দেয়া হচ্ছে।
“আমরা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি মহাসমাবেশ হবে। আমরা স্থগিতও করিনি, প্রত্যাহারও করিনি। কেন্দ্রীয় নেতারা ঢাকা যেতে না পারলেও ঢাকার নেতৃবৃন্দ মহাসমাবেশ করবেন।”
এর কিছুক্ষণ আগে রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক নূর হুছাইন কাসেমী মতিঝিলের সমাবেশ স্থগিতের ঘোষণা দেন।
তিনি বলেন, “আমরা সমাবেশের সব প্রস্তুতি নিয়েছিলাম। অনুমতির জন্য গত ৩০ নভেম্বর আবেদনও করেছিলাম। কিন্তু সরকার বলছে, তারা কোনোভাবেই অনুমতি দেবে না।
“আমরা অশান্তি চাই না। সরকারের বাধার কারণে আপাতত কালকের (মঙ্গলবার) সমাবেশ হচ্ছে না।”
মঙ্গলবারের সমাবেশে যোগ দিতে সোমবার সকাল সোয়া ১১টার দিকে হাটহাজারী মাদ্রাসা থেকে গাড়ি করে চট্টগ্রাম বিমানবন্দরে যেতে চান হেফাজতের আমির শাহ আহমদ শফী।
এ সময় পুলিশের বাধার কারণে হেফাজত আমিরের গাড়ি মাদ্রাসা থেকে বের হতে পারেনি বলে দাবি করেন হেফাজত নেতারা।
এরপর হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের জ্যেষ্ঠ নেতারা বৈঠকে বসেন।
বৈঠক শেষে হেফাজত মহাসচিব বলেন, সরকার সমাবেশে বাধা দিলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সিদ্ধান্তে অটল আছি। আমরা যেতে না পারলেও ঢাকার নেতৃবৃন্দ সমাবেশ সফল করবেন।”
নূর হুছাইন কাসেমীর সংবাদ সম্মেলন থেকে মহাসমাবেশ স্থগিতের ঘোষণা দেয়ার বিষয়ে জানতে চাইলে জুনায়েদ বাবুনগরী বলেন, “এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কাসেমী সাহেব এটা বলেননি।
“ঢাকার নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে। কাসেমী সাহেবের নামে এটা মিথ্যা প্রচারণা।”
হেফাজত আমিরের ব্যক্তিগত সচিব মাওলানা মুনির আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের বৈঠকে মহাসমাবেশ স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি।
তার ভাষায় এটা ‘ভুল ও বিভ্রান্তিকর’ তথ্য।
হেফাজতের আমির শাহ আহমদ শফী, মহাসচিব জুনায়েদ বাবুনগরী, সাহিত্য সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী, প্রচার সম্পাদক আনাছ মাদানীসহ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন বলে মুনির আহাম্মদ জানান।
