সিরাজগঞ্জে যানবাহনে আগুন, অভিযানে আটক ১১
বিরোধী দলের অবরোধের মধ্যে সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে অবরোধের তৃতীয় দিন সোমবার সকালে র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে সদর উপজেলার খোকসাবাড়ি এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, রোববার সকাল ১০টা থেকে খোকসাবাড়ি এলাকায় যৌথ অভিযানে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তবে তাদের বিস্তারিত পরিচয় জানাননি তিনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরের দিকে রায়গঞ্জের ঘুড়কায় এবং জোড়া ব্রীজ এলাকায় মহাসড়কে সার ও গম বোঝাই দুটি ট্রাক, আরেকটি পণ্যবাহী মিনিট্রাক ও একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে অবরোধকারীরা রোববার রাত ৯টার দিকে সয়দাবাদ মোড়ে পণ্যবাহী তিনটি ট্রাক এবং ছাতিয়ানতলি এলাকায় একটি মটরসাইকেলে আগুন দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
সেতু থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চোরাগুপ্তা হামলা চালিয়ে গরু ও সবজি বোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থানা হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
