মন্ত্রী সরালেন ‘অবরোধের গাছ’
এক হাতে পিস্তল, অন্য হাতে গাছের ডালপালা। সঙ্গে কয়েক ডজন র্যাব, পুলিশ সদস্য আর স্থানীয় জনতা। সবাই মহাসড়কে অবরোধকারীদের ফেলে রাখা গাছ সরাচ্ছিলেন মহা উৎসাহে।
রোববার সকালে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ ও লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় দেখা গেছে এই চিত্র। পিস্তল হাতে ব্যক্তিটি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে মন্ত্রী এই বিড়ম্বনায় পড়েন।
জেলা পুলিশ জানায়, পুলিশ পাহারায় সকাল সাড়ে ১০টায় মন্ত্রীর গাড়িবহর বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকায় এসে অবরোধের মধ্যে পড়ে। অবরোধকারীরা সেখানে বড় একটি গাছ ফেলে রাখায় সড়ক বন্ধ হয়েছিল। মন্ত্রীর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা অন্য রাস্তা হয়ে ঘুরে যাওয়ার পরামর্শ দিলেও তা আমলে না নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন আবদুল লতিফ সিদ্দিকী।
বাম হাতে পিস্তল নিয়ে নিজেই মহাসড়ক থেকে গাছের ডালপালা সরাতে শুরু করেন। খবর পেয়ে বড়াইগ্রাম ও লালপুর থানার ওসিসহ পাঁচ গাড়ি পুলিশ ও দুই গাড়ি র্যাব সদস্য সেখানে হাজির হয়।
এলাকাবাসীর কাছ থেকে দা, কুড়াল ও করাত নিয়ে সবাই লেগে পড়েন গাছ সারাতে। আধাঘণ্টা পর মন্ত্রীর গাড়িবহর ওই এলাকা অতিক্রম করতে সক্ষম হয়।
এসময় পুলিশ সদস্যরা থানায় গাছ কাটার জন্য যান্ত্রিক করাত সরবরাহের দাবি জানালে মন্ত্রী চাহিদাপত্র দেয়ার পরামর্শ দেন।
পরে মন্ত্রী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ইচ্ছা করলে অন্য রাস্তা হয়ে ঢাকায় ফিরতে পারতাম। কিন্তু তাতে দুর্বৃত্তরা উৎসাহিত হতো। এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনের তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া দরকার। তাহলে আমার মতো কেউ দুর্ভোগে পড়বে না।”
পরে চার কিলোমিটার এগোতে লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় আবার অবরোধকারীদের ফেলে রাখা দুইটি গাছে আটকে যায় মন্ত্রীর গাড়িবহর।
সেখানে মন্ত্রী গাড়ি থেকে নামলেও গাছ সরানোর কাজে হাত লাগাননি। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সড়ক পরিষ্কারের কুড়ি মিনিট পর মন্ত্রী গন্তেব্যের পথে রওনা হন।
বড়াইগ্রাম থানা পুলিশ মন্ত্রীর গাড়ি বনপাড়া-হাটিকুমরুল সড়ক হয়ে সিরাজগঞ্জ এলাকায় পৌঁছে দেয়।
বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম ও লালপুর থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবরোধকারীরা সড়কে গাছ ফেলে সটকে পড়েছিল। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
