মামাকে হত্যা: তিন ভাগ্নেসহ ৯ জনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মামাকে হত্যার দায়ে তিন ভাগ্নেসহ নয়জনকে যাবজ্জীবান কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।
রোববার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান এ রায় দেন।
দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন। এছাড়া দুজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন, নিহতের ভাগ্নে কাশিম আলি, কাজম ও আজম, তাদের আত্মীয় মিন্টু, লালচান, টয়েল, আব্দুল লতিফ, বাদল আলী ও তৌফিক। এরা সবাই চাঁপাইনবাবহগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার সময় আট আসামি আদালতে হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, আমবাগানের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০০৯ সালের ১৬ জুন সকালে রসুলপুর গ্রামের ব্যবসায়ী মফিজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনার দিনই নিহতের ছেলে শামিম উদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা তদন্ত করে শিবগঞ্জ থানা পুলিশ চার আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বাদীর আপত্তিতে আদালত পুনরায় মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইড) দায়িত্ব দেয়।
সিআইডি পুনরায় তদন্ত করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগত্র দাখিল করে। পরে মামলাটি চাঁপাইনবাগঞ্জ আদালত থেকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
