বগুড়ায় জামায়াত-শিবিরের ৬৪ জন আটক
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়ক অবরোধ করার সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৬৪ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার দুপুরে বগুড়া ক্যান্টনমেন্ট সংলগ্ন মাঝিড়া বন্দর থেকে তাদের আটক করা হয় বলে র্যাব ও পুলিশ জানিয়েছে।
র্যাব-১২ বগুড়ার কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, আটক নেতাকর্মী ক্যান্টনমেন্ট এলাকায় গাড়ি পোড়ানো, ভাংচুর, মহসড়ক অবরোধের সঙ্গে জড়িত।
এদের অবরোধে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। ক্যান্টনমেন্টের মতো স্পর্শকাতর এলাকায় এরা বারবার বিশৃংখলা সৃষ্টি করে আসছিল।
বগুড়া পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, এরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। ক্যান্টনমেন্ট এলাকায় গাড়ি পোড়ানোসহ নানা নাশকতামূলক কাজে এরা জড়িত। এই ৬৪ জন মহাসড়কে ফটকী ব্রিজ ভেঙে ফেলার চেষ্টা করেছিল।
ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি এদের বিরুদ্ধে নিয়মিত মামলাও দায়ের করা হবে বলে এসপি জানান।
আটকদের মধ্যে রয়েছেন শাহজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুস সালাম, সেক্রেটারি আব্দুল লতিফ, শেরপুর ডিগ্রি কলেজের প্রভাষক জামায়াত নেতা গোলাম ইউনুস, মাঝিড়া উচ্চ বিধ্যালয়ের শিক্ষক আব্দুস সোবাহান।
