২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নিন্দা প্রস্তাব অগ্রহণযোগ্য: স্পিকার

যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস করাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 01:29 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

ইমরান খানের দাবি, ‘মিথ্যা’ অভিযোগে কাদের মোল্লার ফাঁসি
পাকিস্তানকে কড়া প্রতিবাদ
পাকিস্তানের খবর ‘লুকাচ্ছে’ জামায়াত
পাকিস্তানের ‘নাক গলানোয়’ ক্ষোভ
‘পাকিস্তানের বিপক্ষে পাশে পাইনি বিএনপিকে’
পাকিস্তানি পণ্য বর্জনের ডাক গণজাগরণ মঞ্চের
পাকিস্তানের পদক্ষেপের নিন্দায় প্রধানমন্ত্রী
প্রস্তাব পাস মানে হস্তক্ষেপ নয়: পাকিস্তান

রোববার জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, “সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর হয়েছে। এখানে কোনো দেশের বা অন্য কোনো ক্ষেত্র থেকে নিন্দা জানানোর সুযোগ নেই। এটা অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত।”

কেউ এর (যুদ্ধাপরাধের বিচার) বিরোধিতা করলে তা ‘বিচার না হওয়ার সংস্কৃতিকে’ উস্কে দেবে উল্লেখ করে স্পিকার বলেন, “আইনের শাসনের জন্য এটা স্বস্তিকর নয়।”

গত ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকরের চার দিনের মাথায় বিষয়টি নিয়ে একটি প্রস্তাব পাস করে পাকিস্তানের পার্লামেন্ট। পাকিস্তানের ওই পদক্ষেপের পর তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ। ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে এর ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চ পাকিস্তান দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানের পতাকা ও দেশটির কয়েক নেতার কুশপুতুল দাহ করা হয়। 

গত বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পার্লামেন্টের প্রস্তাবের নিন্দা জানান জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ।

এরপর শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কাদের মোল্লার ফাঁসির বিষয়ে তাদের পার্লামেন্টে প্রস্তাব পাস করায় বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হয়নি।

রোববার জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি হচ্ছে কচুরিপানার মতো। এর শেকড় নেই। কিন্তু ক্ষেতের ফসলের শেকড় নষ্ট করে ফেলে, ভেসে বেড়ায়। এর ফুল দেখতে ভালো লাগলেও কোনো কাজের নয়।

“আমরা পাকিস্তানি আক্রমণে জর্জরিত ছিলাম, একাত্তরে সেখান থেকে বেরিয়ে এসেছি। এখন সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সামরিকতন্ত্রের কাদা-আবর্জনা শরীর থেকে ঝেড়ে উঠে দাঁড়াতে হবে।”

জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার দাস ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।