২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাব পাস মানে হস্তক্ষেপ নয়: পাকিস্তান

বাংলাদেশের তীব্র প্রতিবাদের পর পাকিস্তান বলেছে, কাদের মোল্লার ফাঁসির বিষয়ে তাদের পার্লামেন্টে প্রস্তাব পাস করায় ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 11:29 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার  বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে  একথা বলেন।

তার ভাষায়, ওই প্রস্তাব ‘১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির আলোকে’ বাংলাদেশের কাছে পাকিস্তানের প্রত্যাশা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই প্রশ্নোত্তর প্রকাশ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “বাংলাদেশে এখন যা ঘটছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস করার মানেই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়।”

গত ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের চার দিনের মাথায় বিষয়টি নিয়ে একটি প্রস্তাব পাস করে পাকিস্তান পার্লামেন্ট।

পাকিস্তানের ওই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ। ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে এর ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চ পাকিস্তান দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানের পতাকা ও দেশটির কয়েক নেতার কুশপুতুল দাহ করা হয়।  

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সর্বশেষ অবস্থান জানতে চাইলে দেশটির  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,  “পাকিস্তান ও বাংলাদেশের দীর্ঘ দিনের ঐতিহাসিক অংশীদারিত্ব রয়েছে, এমনকি তা ১৯৪৭ সালের আগে থেকেই। দক্ষিণ এশিয়ার মুসলিম দেশ হিসেবে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার জন্য  আমরা একসঙ্গে লড়াই করেছি।একাত্তর পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম।”

প্রস্তাব পাসের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন,  “পাকিস্তানের পার্লামেন্ট একটি সার্বভৌম সংস্থা। এটি দেশের সর্বোচ্চ আইন সভা। পার্লামেন্টারিয়ানরা জনগণের মতের  প্রতিনিধিত্ব করেন। তাই কোনো কিছু সঠিক মনে করলে তারা  যে কোনো বিবৃতি দিতে পারেন।”

বাংলাদেশের প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, “নিশ্চিতভাবেই পার্লামেন্টের প্রস্তাবের উদ্দেশ্য হস্তক্ষেপ নয়। তবে ১৯৭৪-এ পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির আলোকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এর মধ্য দিয়ে।

ওই চুক্তিতে ‘অতীতকে পিছনে ফেলে’ এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য উজ্জ্বল ভবিষ্যতের দিকে  গুরুত্ব দেয়া হয় বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সরকারের প্রতিবাদের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ঢাকায় আমাদের হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে একটি কূটনীতিকপত্র দেয়ার বিষয়টি আমি নিশ্চিত করছি।”

তবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানবিরোধী বিক্ষোভের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

তিনি বলেন, “বিক্ষোভে কী বলা হয়েছে সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। কারণ আমরা চাই না বিক্ষোভ সমাবেশ সম্পর্কে  আমাদের বক্তব্যকে পাল্টা অভিযোগ হিসেবে মনে করা হোক।

“তবে সমঝোতার পথ এবং ১৯৭৪-এর ত্রিপক্ষীয় চুক্তি মেনে চলার জন্য আমরা ভ্রাতৃ ও বন্ধুসুলভ বাংলাদেশের প্রতি আহ্বান জানাই।”