২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনে ট্রাক চলাচল চায় চট্টগ্রামের ব্যবসায়ীরা

চট্টগ্রাম নগরীতে দিনে ট্রাক চলাচলের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে পুলিশকে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 10:24 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার চেম্বার সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার শফিকুল ইসলামকে চিঠি দিয়ে এই অনুরোধ জানান।

একইদিন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে দেয়া আরেকটি চিঠিতে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ি নিলাম কার্যক্রম স্থগিতের আহ্বান জানান চেম্বার সভাপতি।

এ দুটি চিঠির বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চেম্বারের সচিব ওসমান গণি চৌধুরী।

বন্দর নগরীতে দিনে ট্রাক চলাচলে সিএমপির নিষেধাজ্ঞা রয়েছে।

পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে বিগত কয়েক মাস ধরে ১৮ দলের অবরোধে দেশের অর্থনৈতিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।  

নগরীর ভেতরে দিনে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকায় অবরোধহীন দিনেও পণ্য পরিবহন সম্ভব হচ্ছে না বলে চেম্বার সভাপতি চিঠিতে উল্লেখ করেন।

চিঠিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দিনের বেলায় ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।  

এদিকে শনিবার জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. গোলাম হোসেনকে আরেকটি চিঠি পাঠান চেম্বার সভাপতি। 

ওই চিঠিতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতিতে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর থেকে খালাস হওয়ার পরও আমদানি করা মূল্যবান রিকন্ডিশন্ড গাড়ি দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতে কোনো সংস্থা রাজি হচ্ছে না।

তিনি বলেন, “প্রতিকূল পরিস্থিতির কারণে রিকন্ডিশন্ড গাড়ির শো-রুমও বন্ধ আছে। এসব কারণে আমদানিকারকরা গাড়িগুলো বন্দরের অভ্যন্তরে রাখতে বাধ্য হচ্ছেন। ব্যাংক ঋণের সুদসহ বিভিন্ন চার্জের কারণে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

এ কারণে বন্দরের অভ্যন্তরে থাকা আমদানি করা গাড়ির নিলাম কার্যক্রম স্থগিত রাখার জন্য রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে চিঠিতে অনুরোধ জানান চেম্বার সভাপতি।