রূপগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
শনিবার দুপুর ১২টায় উপজেলার আউখাব এলাকায় এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আউখাব এলাকায় হারবেস্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানার প্রায় দুই হাজার শ্রমিক তাদের অক্টোবর-নভেম্বরের বকেয়া বেতনের দাবিতে সকালে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে তারা কারখানা থেকে রাস্তায় নেমে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে শিল্প পুলিশ ও মালিকপক্ষ দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ।
শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ তাদের দুই মাসের বকেয়া বেতন দেই-দিচ্ছি করে পরিশোধ করছে না। এ কারণে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।
বেতন না পাওয়ায় তারা বাড়ি ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে পারছেন বলে জানান।
শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক আব্দুল বাতেন জানান, রোববারের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা হবে আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
এ ঘটনায় কোনো ভাঙ্গচুরের ঘটনা ঘটেনি বলে জানান পরিদর্শক বাতেন।
