কুমিরা-সন্দীপ রুটে চালু হচ্ছে সি-ট্রাক
চার বছর পর চট্টগ্রামের কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া নৌ-পথে আবারো চালু হতে যাচ্ছে সি-ট্রাক।
সন্দীপবাসীর দাবির মুখে এসটি আবদুর রব সেরনিয়াবাত নামের ওই সি-ট্রাকটি কুমিরা-সন্দ্বীপ রুটে চলাচলের জন্য বরাদ্দ করা হয়েছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানিয়েছে।
গত শুক্রবার চাঁদপুর থেকে এসটি আবদুর রব সেরনিয়াবাত চট্টগ্রামে এসে পৌঁছে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইশ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন সি-ট্রাকটি দ্রুতই অপারেশনাল কার্যক্রমে যাবে। এই রুটে প্রতিদিন একবার করে যাত্রী আনা-নেয়া করা যাবে।”
তিনি জানান, সি-ট্রাকটিতে যাত্রীদের জন্য নিরাপত্তা সরঞ্জাম রয়েছে। প্রাথমিকভাবে প্রতি যাত্রীর জন্য ক্যাটাগরি অনুযায়ী ১০৫ ও ১৯০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
২০০৭ সালে কুমিরা-সন্দ্বীপের গুপ্তছড়া রুটে জাহাজ ও সি-ট্রাক সেবা অনিয়মিত হয়ে পড়ে। একপর্যায়ে ২০০৯ সালে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বেসরকারিভাবে এই রুটে ট্রলার ও স্পিডবোটে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করা হতো।
বিআইডব্লিউটিসি’র দুটি জাহাজ চট্টগ্রামের সদরঘাট থেকে সন্দ্বীপ-হাতিয়া নৌ-রুটে যাত্রী পরিবহন করে।
