নারায়ণগঞ্জ, চাঁদপুর ও গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে, চাঁদপুরের গাছতলা এলাকায় এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শনিবার সকালের এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনই চালক।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানিয়েছেন, সকাল পৌঁনে ৭টার দিকে উপজেলার শিমুলতলী এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন লেগুনা যাত্রী তাহমিনা আক্তার(২৫)।
এসময় আহত পাঁচ জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিহত তাহমিনা আড়াইহাজার উপজেলার রসুলপুর এলাকার তাইজউদ্দিন মিয়ার স্ত্রী।
এর আগে ভোর ৫টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের গাছতলা এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে মৃত্যু হয় চালক আবুল হোসেনের (৪৫)।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে জানান, নিহত আবুল হোসেন ফরিদগঞ্জ উপজেলার প্রয়াত আব্দুল জলিলের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, অটোরিকশায় গ্যাস নেয়ার জন্য চাঁদপুরের দিকে আসছিলেন হোসেন। গাছতলা মোড়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন চালক।
ভোরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুরকা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকসহ খাদে পড়ে মৃত্যু হয়েছে আরেক চালকের।
নিহত সাহেব আলী শেখের (৪৫) বাড়ি যশোর জেলার কেশবপুরে।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, ভোরে ঘন কুয়াশার কারণে পেঁয়াজবাহী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহেব আলীর।
