২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে দুর্ঘটনায় স্কুলগামী বাংলাদেশি শিশু নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে। ১১ বছর বয়সি নওশাদ নাহিয়ান বোনের সঙ্গে স্কুলে যাওয়ার পথে শুক্রবার সকালে একটি ট্রেইলরের নিচে চাপা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 10:28 AM

Updated : 13 Oct 2022, 03:08 PM

ছয় মাস আগে মেয়ে নওশীন জাহান নিশাত ও ছেলে নাহিয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন নার্গিস। তার স্বামী ওসমান মিয়া তিন মাস আগে পরিবারের সঙ্গে যোগ দেন।

তারা থাকতেন বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যাকসন হাইটসে। নাহিয়ান পড়ত ওই এলাকার উডসাইডে পাবলিক স্কুলে তৃতীয় গ্রেডে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে নিশাতের সঙ্গে স্কুলের পথে রওনা হয় নাহিয়ান। বাড়ির কয়েকশ’ গজ দূরে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রেইলার চাপা দেয় নাহিয়ানকে।

শিশুটিকে দ্রুত এলমহার্স্ট হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নাহিয়ান ঘটনাস্থলেই মারা গেছে।

Image
বোন নিশাতের সঙ্গে নাহিয়ান।

বোন নিশাতের সঙ্গে নাহিয়ান।

পুলিশ জানিয়েছে, ট্রেইলরটির চালক মোরিসিয়ো অসোরিয়ো-পালোমিনস (৫১) কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বড়দিন এবং খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে ১২ দিনের ছুটি শুরুর আগের দিন এই দুর্ঘটনায় নিউ ইয়র্ক শহরের সব পাবলিক স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুটির পরিবারের ঘনিষ্ঠরা জানায়, ছুটির আগে শুক্রবার স্কুলে অনুষ্ঠানে নাহিয়ানের গান গাওয়ার কথা ছিল। মাকেও তাই স্কুলে যেতে বলেছিল সে। মেয়ে ও ছেলেকে পাঠিয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নার্গিস। এর মধ্যেই দুর্ঘটনার খবর পান তিনি।