২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ২৯ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৯ জন ভারতীয় জেলেকে দুটি ট্রলারসহ আটক করেছে নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 12:11 AM

Updated : 23 Aug 2022, 07:31 PM

নৌবাহিনীর বরাত দিয়ে বাগেরহাটের মংলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার মংলা থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে এফবি হিমালয় ও এফ বি মায়ের আশীর্বাদ নামের ট্রলার দুটি থেকে ওই জেলেদের আটক করা হয়।

শুক্রবার রাত ১১টার দিকে তাদের মংলায় এনে পুলিশের কাছে হস্তান্তর করে নৌবাহিনী।

আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা অবৈধভাবে বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে মাছ ধরছিল। নৌবাহিনীর জাহাজ গোমতী তাদের আটক করে।”

ভারতীয় জেলেদের দাবি, তারা সীমানা বুঝতে না পেরে বাংলাদেশের অংশে চলে এসেছিল।

তাদের ট্রলার থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছও জব্দ করা হয়েছে।

এই জেলেদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।

তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ওসি।