চট্টগ্রামে সাংবাদিক-গুণীজনের সংবর্ধনা
দুই কৃতি সাংবাদিক ও এক গুণীজনকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব।
শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সাহিত্যিক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, সাংবাদিক নূর মোহাম্মদ রফিক ও তমাল চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সংবর্ধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।
সংবর্ধিত তিন জনকে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অনুপম সেন বলেন, গুণীজন ও কৃতিদের সংবর্ধিত করে চট্টগ্রাম প্রেসক্লাব বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবার গুণীজন ও কৃতি সাংবাদিক হিসেবে যে তিনজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তারা নিজেরা স্ব স্ব ক্ষেত্রে সমুজ্জ্বল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফ, যুগ্ম সম্পাদক মহসিন কাজী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম।
অনুষ্ঠানে এইচএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেয়া হয়।
