নীলফামারীতে গ্রেপ্তার আরো ৭
আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও হতাহতের মামলায় নীলফামারীতে আরো সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার ভোরে জেলা সদর থেকে চারজন এবং জলঢাকা উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হল। এর আগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) বাবুল আকতার জানান, গ্রেপ্তারদের আদালতে হাজির কররে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার বাড়াইপাড়ার সাইদুল ইসলাম (৩০), টুপামারী ইউনিয়নের দুহুলী পাড়ার আবু বক্কর সিদ্দিক (২৮), নিত্যনন্দী গ্রামের রোকনুজ্জামান (১৬), লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ি গ্রামের মোবাসিরুল ইসলাম মবিন (১৬), তার ছোটভাই মুহাইয়মেনুল ইসলাম মুরাদ (১৫), জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের পশ্চিম বালাগ্রামের শরিফুল ইসলাম (১৯) এবং সামসুল ইসলাম (৩৩)।
১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের হামলার শিকার হন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ সময় পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ কর্মীরা এগিয়ে এলে সংঘর্ষ বাধে।
এতে টুপামারী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন শাহ, তার ছোট ভাই যুবলীগ কর্মী মুরাদ হোসেন শাহ, আওয়ামী লীগ নেতা লেবু মিয়া এবং আবু বক্কর সিদ্দিক নামের এক পথচারী মারা যান।
