পাকিস্তানি পণ্য বর্জনের ডাক চট্টগ্রামেও
একাত্তরের যুদ্ধাপরাধীদের সমর্থনে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের প্রতিবাদে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটির পণ্য বর্জনের ডাক এসেছে চট্টগ্রাম থেকেও।
শুক্রবার বন্দরনগরীর চেরাগী পাহাড় মোড়ে গণজাগরণ মঞ্চের মিছিল এবং মুক্তিযোদ্ধা, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।
ঢাকায় পাকিস্তানি দূতাবাস অভিমুখে গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশের ‘হামলার’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এই মিছিল-সমাবেশ হয়।
‘পাকিস্তানি ধৃষ্টতার দাঁতভাঙ্গা জবাব দাও, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কর”- এই শ্লোগান নিয়ে বিকাল সাড়ে ৩টা থেকে চেরাগী পাহাড় মোড়ে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
সমাবেশে আসা সবার হাতেই ছিল লাল-সবুজ পতাকা, পাকিস্তানবিরোধী ফেস্টুন ও ব্যানার।
উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা এ জমায়েতে গণসঙ্গীত এবং ‘প্রমা’ নামের একটি সংগঠনের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করে।
বিকাল সোয়া ৪টার দিকে শুরু হয় মিছিল। শহীদ জায়া মুশতারী শফী, মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মৃণাল চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ওয়ার্কাস পার্টির নেতা আবু হানিফ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, অধ্যাপক হোসাইন কবির, জেলা পিপি আবুল হাশেম, নারী নেত্রী নূরজাহান খান ও জেসমিন সুলাতনা পারু, খেলাঘরের সংগঠক প্রকৌশলী রূপক চৌধুরী, সাংস্কৃতিকর্মী রাশেদ হাসান ও সুনীল ধর, যুব নেতা কায়সার আলম ও প্রিন্স রুবেল, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের ইউসুফ সোহেল মিছিলে অংশ নেন।
মোমিন রোড, আন্দরকিল্লা মোড়, লালদীঘির পাড়, কোতোয়ালী মোড় হয়ে নিউমার্কেট মোড়ে শেষ হয় এ মিছিল। সেখানে পাকিস্তানের পতাকায় আগুন দিয়ে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এতে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ বলেন, “পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র। জামায়াতে ইসলামীর মাধ্যমে বাংলাদেশে পাকিস্তান তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়।
“পাকিস্তানের প্রতি ঘৃণা জানাই। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এবং সব যুদ্ধাপরাধীর রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
গত বৃহস্পতিবার রাজধানীতে গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে পুলিশ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানান তিনি।
আগামী শুক্রবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমাবেশের ঘোষণা দিয়ে গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
সিপিবি, যুব ইউনিয়ন, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিট, যুবলীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, প্রত্যয়-৭১, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রণ্ট, উদীচী, খেলাঘর, প্রমা ও বিভিন্ন শ্রমিক সংগঠন এ সমাবেশে সংহতি জানায়।
