২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে প্রতিবারের মতো এবারো টঙ্গীতে পাঁচ দিনব্যাপী  জোড় ইজতেমা শুরু হয়েছে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

শুক্রবার সকাল ৯টার দিকে ভারতের মাওলানা ইব্রাহিমের বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ইজতেমা শুরু হয়। শেষ হবে ২৪ ডিসেম্বর।

ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক মুসল্লি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের জোড় ইজতেমাস্থলে এসে পৌঁছেছেন।

বিশ্ব ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, মুসল্লিদের অংশগ্রহণে সকালে ঈমান-আমল-আখলাক এবং ধর্মের প্রচার প্রক্রিয়ার বিষয়ে বায়ানের মধ্য দিয়ে জোড় ইজতেমা শুরু করেন ভারতের মাওলানা ইব্রাহিম।

শুরুর দিন শুক্রবার হওয়ায় ইজতেমার মুসল্লিদের সঙ্গে আশপাশের হাজার হাজার মুসল্লি জুমার নামাজে অংশ নেন।

কীভাবে সহজে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার করতে হবে, আচার-আচরণ কী হতে হবে তারও তালিম দেয়া হয় এখানে। 

গিয়াস উদ্দিন আরো জানান, গত বছরের মতো এবারও দুপর্বে হবে বিশ্ব ইজতেমা। আর এ বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে জামাতভুক্ত পুরাতন সাথীদের নিয়ে প্রতি বছরের মতো এই জোড় ইজতেমা হচ্ছে।

টানা পাঁচ দিনের জোড় ইজতেমা শেষে বিশ্ব ইজতেমার প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় কাজ পুরোদমে শুরু করা হবে বলে তিনি জানান।

আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুপর্বে ছয় দিনব্যাপী বিশ্ব ইজতেমা চলবে। প্রথম পর্বে তিন দিনের ইজতেমা হবে ২৪-২৬ জানুয়ারি। এরপর ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

ইতোমধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঢাকা, গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুলের ছাত্র-শিক্ষক, মুসল্লি এবং কলকারখানা কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ ব্যবসায়ীরা প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করেছেন।