‘দুর্বৃত্তকে খুন করে মেয়ের শ্লীলতা রক্ষা’
নিজের মেয়ের শ্লীলতা রক্ষার জন্য এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন বলে এক গৃহবধূ জানিয়েছেন।
তবে, কী কারণে এ খুনের ঘটনা ঘটে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
বৃহস্পতিবার রাতে ঝালকাঠীর রাজাপুর উপজেলার বড় গালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই নারীকে (৩৫) আটক করেছে।
এছাড়া শুক্রবার সকালে নিহত মুদি ব্যবসায়ী রফিকুল ইসলামের (৪৫) লাশ উদ্ধার করে ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
গৃহবধূর বরাত দিয়ে রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ঘরে ঢুকে ওই গৃহবধূর কিশোরী মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করেন রফিকুল।
এ সময় মেয়েকে বাঁচাতে রফিকুলকে কুপিয়ে হত্যা করেন বলে ওই গৃহবধূ স্বীকার করেছেন, বলেন ওসি।
পুলিশকে ওই গৃহবধূ জানান, মেয়েকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকেন। তার স্বামী চাকরির সুবাদে খুলনায় থাকেন।
ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বলেন, নিহত ব্যবসায়ীর সঙ্গে ওই গৃহবধূর কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
