তিন জেলায় দুর্ঘটনায় নিহত ৪
ভোলা, চুয়াডাঙ্গা জেলা এবং ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে পৃথক এ তিনটি দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ নিশ্চিত করেছে।
নিহতরা হলেন ভোলায় তসলিম (৩০), নাঈম (১৮) এবং চুয়াডাঙ্গায় রমজান আলী (৪৫)। ধামরাইয়ে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভোলা
ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার এসআই রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শশীভূষণ সড়কের কলমীর মোড়ে চরফ্যাশনগামী একটি মালবাহী ট্রলির সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তসলিম ও নাঈমের মৃত্যু হয়।
তসলিম চরফ্যাশনের নজরুলনগর ইউনিয়নের বজলু বাজারের মোশারেফ হোসেনের ছেলে এবং নাঈম একই এলাকার বখতিয়ার হোসেনের ছেলে।
ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ট্রলিটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে, বলেন এসআই করিম।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব জানান, সকাল ৯টার দিকে কৃষক রমজান আলী কার্পাসডাঙ্গা বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় ভূমি অফিসের কাছে বিপরীতমুখী একটি বালুভর্তি ট্রাক্টরে ধাক্কায় রমজান আলী গুরুতর আহত হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর সকাল সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।
ধামরাই
ধামরাই থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-অরিচা মহাসড়কে কালামপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের ধামরাই স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত নিহতরা সকলেই বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ঘন কুয়াশার কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
