নাশকতায় জড়িতদের তথ্য চেয়ে পুলিশের লিফলেট
নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের সম্পর্কে তথ্য চেয়ে লিফলেট বিতরণ করছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদে এ লিফলেট বিতরণ করা হয়।
‘দুর্বৃত্তদের’ এলাকায় জায়গা না দিতে, মেস ও বাসা ভাড়া দেয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় ও পেশা সম্পর্কে নিশ্চিত হয়ে নিতেও আহবান জানানো হয়েছে এই লিফলেটে।
এছাড়া ভাড়াটিয়াদের সম্পর্কে স্থানীয় থানায় তথ্য জানাতে বলা হয়েছে। তথ্যদাতাদের পরিচয় গোপনা রাখা হবে।
আর ভাড়াটিয়ারা সন্ত্রাস বা নাশকতায় লিপ্ত হলে সংশ্লিষ্ট বাড়ির মালিককেও আইনের আওতায় নেয়া হবে মহানগর পুলিশ জানিয়েছে।
তথ্য দেয়ার জন্য কয়েকটি ফোন নম্বরও দেয়া হয়েছে লিফলেটে।
এগুলো হলো- পুলিশ কন্ট্রোল রুম- ০৮২১-৭১৬৯৬৮, ০১৭১৩৩৭৪৩৭৫, ০১৮২৬৮০০৮০০; ডিসি (সদর দপ্তর) ০১৭১৩৩৭৪৫০৮, ডিসি (উত্তর) ০১৭১৩৩৭৪৫০৯, ডিসি (দক্ষিণ) ০১৭১৩৩৭৪৫১০, এডিসি (মিডিয়া) ০১৭১৩৩৭৪৫১২।
গত ১০ ডিসেম্বর সিলেট নগরীর দর্শনদেউড়ি এলাকায় শিবিরের একটি মেস থেকে সংগঠনের প্রচারপত্র, আয়-ব্যয়ের হিসাব ও অর্থদাতাদের তালিকা জব্দ করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ আয়ুব সে সময় বলেন, ওই মেস থেকেই সিলট শহরে বিভিন্ন নাশকতা চালানোর পরিকল্পনা করা হচ্ছিল।
নাশকতায় অর্থদাতাদের বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেবে বলে সে সময় জানান তিনি।
