২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

বিরোধী দলের ডাকে চতুর্থ দফা অবরোধের পর একদিনের বিরতিতে গাড়ির চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 02:53 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

শুক্রবার ভোর থেকে ফেনীর ফাজিলপুর থেকে চৌদ্দগ্রামের মোহাম্মদ আলী বাজার পর্যন্ত এলাকায় প্রায় ৩১ কিলোমিটার সড়কে তৈরি হয়েছে গাড়ির জট।

এছাড়া মহাসড়কে ট্রাক বিকল হয়ে যাওয়ায় কুমিল্লার পদুয়ার বাজার থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত সড়কেও বৃহস্পতিবার রাত থেকে বিচ্ছিন্নভাবে যানজট চলছে।

ফেনী হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) এএসএম জাহাঙ্গীর আলম বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার ভোর থেকে ধীর গতিতে যানবাহন চললেও বেলা ১২টার পর যানজট বেড়ে যায়।”

যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

ফেনী অংশের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, মহাসড়কে যানবাহন চলতে শম্বুক গতিতে।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি মসিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ময়নামতিতে মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এরপর থেকেই যানজট শুরু হয়, যা সকালে আরো বেড়ে যায়।

হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে বলে জানান তিনি।