২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে ভাংচুর-নাশকতা, গ্রেপ্তার ৩০

বিরোধী জোটের টানা অবরোধের মধ্যে দেশের পাঁচ জেলায় যৌথ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

লালমনিরহাট, কুড়িগ্রাম,  ফেনী, পিরোজপুর এবং নড়াইলে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে সেসব এলাকার পুলিশ কর্মকর্তারা জানান।

লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এক নারীসহ ৭ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া কালীগঞ্জ থানা পুলিশ ভোটমারী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

কুড়িগ্রাম: সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিস ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার ভোরে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

তারা হলেন আব্দুস সবুর ও নওশাদ আলী।

ফেনী: বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়ে বলে পুলিশ জানিয়েছে।

গত কয়েকদিন ধরে ১৮ দলের হরতাল-অবরোধ চলাকালে জেলায় যানবাহনে আগুন, প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান-কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়।

পিরোজপুর: জিয়ানগর উপজেলায় বুধবার রাতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নড়াইল: পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, ভাংচুর, অগ্নিসংযোগ মামলার আসামি নড়াইল জেলা জামায়াতের নায়েবে আমির এনামুল হক বাচ্চুকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।