‘র্যাব’ পরিচয়ে লুটপাট
গোপালগঞ্জের মুকসুদপুরে র্যাব পরিচয়ে এক বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার দাসেরহাট গ্রামের কার্ত্তিক ঠাকুরের (৭০) বাড়িতে এ ঘটনা ঘটে।
তিন ভরি স্বর্ণালঙ্কার, ২৫ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন সেট লুট করে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা স্বীকার করে মুকসুদপুর থানার ওসি ফেরদাউছ হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ধলা নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে র্যাব লেখা একটি মাইক্রোবাসে করে র্যাবের পোশাক পরা একদল লোক কার্ত্তিক ঠাকুরের বাড়িতে আসে।
তারা নিজেদের র্যাব পরিচয় দিয়ে কার্ত্তিককে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলেন।
এ সময় লুটপাট চালায় তারা।
উপজেলার সীমানা পার হওয়ার পর ফরিদপুর জেলার জয়বাংলা এলাকায় মাইক্রোবাস থেকে কার্ত্তিককে নামিয়ে মারধর করে ফেলে যায় তারা।
