পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত
সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে ৪২ বছর আগে যে মাসে পাকিস্তান থেকে আলাদা হয়েছিল বাংলাদেশ, যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার রায় নিয়ে অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানোর’ প্রতিবাদে সেই ডিসেম্বরেই সে দেশের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ তীব্র হয়েছে।
বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানের চাঁদ-তারা খচিত পতাকা পোড়ানো হয়েছে। দাহ করা হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর নিসার আলী ও রাজনীতিক ইমরান খান নিয়াজীর কুশপুতুল। পাকিস্তানের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে সমাবেশ-মানববন্ধনও হয়েছে।
গত ১২ ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে পাকিস্তানে জামায়াতে ইসলামী প্রতিবাদ জানিয়ে আসছিল। তবে গত সোমবার তা পাকিস্তানের রাষ্ট্রীয় স্বীকৃতি পায় পার্লামেন্টে প্রস্তাবের মধ্য দিয়ে।
‘এক পাকিস্তানের’ একনিষ্ঠ সমর্থক কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে পাকিস্তান জাতীয় পরিষদে ওই প্রস্তাব প্রহণের পর মঙ্গলবার বাংলাদেশে নিন্দা প্রতিবাদের ঝড় বয়ে যায়।
ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে এই ঘটনায় কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় জানালেও বিভিন্ন অঙ্গন থেকে ক্ষোভ প্রকাশ চলছে। গণজাগরণ মঞ্চ বৃহস্পতিবারও পাকিস্তান দূতাবাস অভিমুখে মিছিল করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে।
নোয়াখালীতে মিছিল-মানববন্ধন
ক্ষুব্ধ নোয়াখালীবাসীর ব্যানারে সকালে জেলা শহরের প্রধান সড়কে মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, উন্নয়ন সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় তাদের হাতে ‘যুদ্ধাপরাধীদের মদদদাতা পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন কর’, ‘বাংলাদেশ থেকে পাকিস্তনের দোসরদের বিতাড়িত কর’ দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়।
মানববন্ধনে বক্তব্য দেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, সেক্টরস কমান্ডারস ফোরামের জেলা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উন্নয়ন সংস্থা এনআরডির প্রধান নির্বাহী আবদুল আওয়াল, তরুণ অনলাইন একটিভিস্ট প্রণব আচার্য্য প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
দিনাজপুরে মানববন্ধন
সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনের পর ইমরান খানের কুশপুতুল এবং পাকিস্তানের পতাকা পোড়ানো হয়।
মাদারীপুর-সুনামগঞ্জে পাকিস্তানের পতাকায় আগুন
সুনামগঞ্জে দুপুর ১টায় গণজাগরণ মঞ্চের উদ্যোগে জেলা শহরের ট্রাফিক পয়েন্টে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। এতে অংশ নেন জেলার মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের প্রজন্ম, প্রগতিশীল ছাত্র সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
মাদারীপুরে সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা পাকিস্তানের পতাকা পোড়ায়। সেই সঙ্গে সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের কুশপুতুলে আগুন দেয় তারা।
রাবি শিক্ষকদের নিন্দা
পাকিস্তানের সংসদের শোক প্রস্তাবের ঘটনাকে ‘অযাচিত নাক গলানো’ মন্তব্য করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুলতান-উল-ইসলাম, মলয় ভৌমিক, জালাল উদ্দিন, সেলিনা পারভীন, মো. নজরুল ইসলাম, আজিজুল ইসলাম, সাদেকুল আরেফিন মাতিন।
