সিরাজগঞ্জে ট্রাক ভাংচুর ও অগ্নিসংযোগ
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের চতুর্থ দফা টানা অবরোধের তৃতীয় দিন সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় দুটি পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ এবং অন্তত পাঁচটি ভাংচুর করেছে অবরোধকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে অবরোধ সমর্থনকারীরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে পিকেটিংয়ের সময় কোনাবাড়ী চৌরাস্তা ও সীমান্ত বাজার এলাকায় দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা আরও পাঁচটি ট্রাক ভাংচুর করে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ক্ষতিগ্রস্থ ট্রাকগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এদিকে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে এবং টুকরা ছোনগাছা ও খোকসাবাড়ি এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতকর্মীরা।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে অবরোধকারীরা সটকে পরে।
