সংলাপ মাঝপথেই শেষ?
প্রধান দুই দলের সংলাপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দুই দল কয়েক দফা বসলেও ‘আনুষ্ঠানিকভাবে’ কেউ তার সমাপ্তি ঘোষণা করেনি।
তিনি বলেছেন, দশম সংসদের মেয়াদ শেষ হলে তবেই পরের নির্বাচন নিয়ে সংলাপ হবে।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাসিম বলেন, “দশম সংসদ নির্বাচন হচ্ছে। এটা সম্পূর্ণ হওয়ার পর পার্লামেন্ট বসবে। সেই পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হবে।”
আগের রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে ডাকা এই সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলির সদস্য নাসিম বলেন, সাংবিধানিক কারণেই ৫ জানুয়ারি নির্বাচন করতে হবে।
যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচন সফল করা হবে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন সফল করতে গণসংযোগ চালিয়ে জনগণকে উদ্বুদ্ধ করা হবে। দলীয়ভাবে প্রচারণার পাশাপাশি ১৪ দলের ব্যানারেও প্রচারণা চালানো হবে।
চলমান সংলাপ নিয়ে তিনি বলেন, “সংলাপ চলছিল। আনুষ্ঠানিকভাবে কেউ এর সমাপ্তি ঘোষণা করেনি।”
দশম সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পর জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর উদ্যোগে আলোচনায় বসেন দুই প্রধান দলের নেতারা। এরইমধ্যে তিন দফা বৈঠক করে তারা বলেছেন, দুই দলেরই কিছু প্রস্তাব আছে, যা নিয়ে দলীয় ফোরামে আলোচনা হবে।
গত মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের বলেন, তফসিল হয়ে যাওয়ায় দশম সংসদ নির্বাচনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। তাই সমঝোতা হলেও বিএনপির এ নির্বাচনে অংশ নেয়ার আর সুযোগ নেই। সমঝোতা হলে তা হবে পরবর্তী নির্বাচন নিয়ে।
ওইদিনই আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “মহাজোট সরকার দ্বিতীয় ম্যান্ডেট পেয়ে গেছে। দশম সংসদের সংখ্যাগরিষ্ঠতাও হয়ে গেছে। একাদশ জাতীয় সংসদের জন্য আলোচনা করতে হবে।”
পরদিন এক বিবৃতিতে আওয়ামী লীগের দুই নেতার বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে, গণতান্ত্রিক স্থিতিশীলতার কথা ভেবে আমরা দশম জাতীয় সংসদের আগে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা এবং তফসিল স্থগিত করার দাবি নিয়েই সংলাপে বসেছিলাম; একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নয়।”
তবে সর্বশেষ বসার পর আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকের জন্য নতুন কোনো তারিখ দেয়া হয়নি বলে জানিয়েছেন ফখরুল।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের নিন্দা জানিয়ে নাসিম বলেন, “তারা এখনো পরিবর্তিত হয়নি। তারা (পাকিস্তান) স্বাধীন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অবস্থান নিয়েছে। এটা কূটনৈতিক শিষ্টাচার বিবর্জিত। যুদ্ধাপরাধীদের বিচার চলবেই।”
গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশে পাকিস্তানি দূতাবাস বন্ধের যে দাবি এসেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “যে কেউই যে কোনো দাবি করতেই পারেন। সরকার কূটনৈতিকভাবে এগুলোকে মোকাবেলা করবে।”
রাজনৈতিক কর্মসূচির নামে বিরোধী দল নৈরাজ্য সৃষ্টি করছে অভিযোগ করে এর বিরুদ্ধে জনসচেতনা তৈরিতে আগামী ২২ ডিসেম্বর দেশের সব উপজেলায়, ২৩ ডিসেম্বর জেলায় এবং ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
এছাড়া সাতক্ষীরা, নীলফামারী, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, রাজশাহী, নাটোরসহ জামায়াত-শিবির যেসব এলাকায় সহিংসতা চালিয়েছে ১৪ দলের নেতারা ওইসব জেলা সফর করবেন বলেও জানান মোহাম্মদ নাসিম।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদ আলী খান, অসিত বরণ রায়, গণতন্ত্রী পার্টির শহীদউল্লাহ সিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
