২ যুগ্মসচিব ওএসডি, পদ পেলেন ওএসডি ১৬ জন
সাধারণ নির্বাচনের এক মাসের কম সময়ের মধ্যে জনপ্রশাসনে ২২ যুগ্মসচিবের দায়িত্বে পরিবর্তন এনেছে সরকার।
এর মধ্যে দুইজনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। বিপরীতে ওএসডি থাকা ১৬ জনের পদায়ন হয়েছে। এছাড়া চারজনকে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে এই রদবদল আনা হয়। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো তথ্য নেই।
নির্বাচনকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদে রদবদলের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানোর বিধান রয়েছে।
সর্বশেষ এই রদবদলের বিষয়ে না জানলেও ইসি সচিব মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, “অনেক ক্ষেত্রে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কর্মকর্তাদেরকে (ইসিকে না জানিয়ে) বদলি করা যেতে পারে। তবে যারা সরাসরি সম্পৃক্ত তাদের বিষয়ে অবশ্যই অনুমতি নিতে হবে।”
নির্বাচনে অংশ না নিলেও বিএনপি প্রশাসনে রদবদলের সমালোচনা করে আসছে। তারা আগে থেকেই বলে আসছে, নির্বাচনে প্রভাব খাটানোর জন্য সরকার তার অনুগতদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আনছে।
যুগ্মসচিবদের বদলির বিষয়ে জানতে চাইলে একজন নির্বাচন কমিশনার বলেন, বুধবার বিকাল পর্যন্ত কমিশন সভায় এ সংক্রান্ত কোনো ফাইল উত্থাপন হয়নি।
প্রশাসনের নিয়মিত রদবদলের বিষয়ে পরে ইসিকে অবহিত করা হচ্ছে বলে জানান ইসি কর্মকর্তারা।
গত ২৮ নভেম্বর ইসির এক নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগকে বলা হয়, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তফসিল ঘোষণার পর থেকে ভোটের পর ১৫ দিন পর্যবন্ত অন্যত্র বদলি করা যাবে না।
সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
যাদের দপ্তর বদল হয়েছে
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে থাকা ১৬ জন যুগ্মসচিব পদ পেয়েছে, তার মধ্যে বেগম নাসরীন আক্তারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ওএসডি অন্য যুগ্মসচিবদের মধ্যে গোলাম মো. হাসিবুল আলমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, আকরাম হোসেন ও মোহাম্মদ আজহারুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, মো. হাবিবুর রহমান খানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ এস এম ইমদাদুল দস্তগীরকে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক, কে এম কবির আহমেদকে কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নওয়াব এস্টেট এর ম্যনেজার (ভূমি সংস্কার বোর্ড), আজিজুল আলমকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক, এম মাহাবুব উল আলমকে প্রকল্প পরিচালক (খাদ্য বিভাগ), ডা. মো. সাজেদুল হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের উপপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক(যুগ্মসচিব) মোহাম্মদ মাহফুজুল হক ও সমাজকল্যান মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মো. দোলোয়ার হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বদলি হওয়া যুগ্মসচিবদের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক লোকমান হোসেন মিয়াকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিআরটিএ সচিব নুরুল ইসলামকে বিসিকের পরিচালক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মো. সেফাউল আলমকে আইএমইডির মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহমুদা আখতারকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব মো. মোফাজ্জেল হোসেনকে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভলপমেন্ট প্রকল্পের পরিচালক (সড়ক বিভাগ) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সমবায় ছাড়া কোনোটিতে আপত্তি দেয়নি ইসি
নির্বাচনের তফসিল ঘোষণার এ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বেশ কিছু মন্ত্রণালয় বিভাগের কর্মকর্তাদের রদবদলে আপত্তি করেনি ইসি।
এর মধ্যে গত ১৪ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার ও খুলনা জেলা প্রশাসক-এই দুই রিটার্নিং কর্মকর্তাকে ইসির নির্দেশে বদলি করা হয়।
ইসির একাধিক কর্মকর্তা জানান, পুলিশ সদরদপ্তর ও রেলওয়ের ডিআইজি পদামর্যাদার অন্তত ছয় কর্মকর্তার বদলি, পুলিশের এসপি, এসআই, এএসআই পদমর্যাদার ৫১ জন কর্মকর্তার বদলি-পদোন্নতিতে সম্মতি দিয়েছে কমিশন।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৬৯৫ জন কর্মকর্তার পদোন্নতি-বদলিতেও আপত্তি করা হয়নি ইসির পক্ষ থেকে।
তবে সমবায় অধিদপ্তরের মাঠপর্যা য়ের ২৯ কর্মকর্তার পদোন্নতি পর অন্যত্র বদলি না করতে বলেছে ইসি সচিবালয়।
“এসব কর্মকর্তা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তাদের বদলিতে আপত্তি করা হয়,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ইসি সচিবালয়ের এক জ্যেষ্ঠ সহকারী সচিব।
