২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু

মানিকগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 04:10 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

বুধবার সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার (২১) ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের নয়ারচর গ্রামের আব্দুল জলিলের মেয়ে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর ট্রলিচালককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিহতের সহপাঠী ও কলেজের শিক্ষার্থী-শিক্ষকরা।

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, রিনা ও তার এক সহপাঠী সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রিকশা করে কলেজে যাচ্ছিলেন।

তাদের বহনকারী রিকশাটি পৌর সুপার মার্কেটের সামনে পৌঁছালে বিদ্যুতের খুঁটিবহনকারী একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি রিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুজন রিকশা থেকে ছিটকে পড়েন। পরে  ট্রলিটি রিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য রিনার মৃতদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এসআই শাহ আলম জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।