২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মাঠে নেই ১৮ দলের নেতাকর্মীরা

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় মাঠে নেই নেতাকর্মীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

জেলার বিভিন্ন স্থানে সরেজমিন দেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি কামরুল হাসান জানান, টানা অবেরোধে এই প্রথম সাতক্ষীরার কোনো সড়কে গাছের গুঁড়ির অবরোধ দেখা যায়নি। সকাল থেকে জামায়াত বা বিএনপির কোনো নেতাকর্মীকে কোথাও মিছিল বা পিকেটিং করতেও দেখা যায়নি।

এমনকি শহরের অদূরে কদমতলা বাজারে প্রতি অবরোধে জামায়াতের নেতাকর্মীদের বিশেষ অবস্থান থাকলেও সেখানেও কোন নেতাকর্মীর দেখা মেলেনি।

তবে আতঙ্ক না কাটায় রাস্তায় ভারী যান চলাচল করছে না। বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ আটটি রুটের কোনো বাস না ছাড়লেও ছোট ও হালকা যান চলাচল শুরু হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক দোকান-পাটও খুলেছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, সকাল ৯টায় শহরের বাঁকাল চেকপোস্ট মোড়ে অবরোধকারীরা কিছু সময় অবস্থান নেয় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় তারা।

এছাড়া বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষনিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তোলে।

যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

১৮ দলের গত ২৬ নভেম্বর থেকে তিন দফায় ডাকা অবরোধে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে উপজেলাগুলো জেলা শহরের সঙ্গে বিচ্ছিন্ন করে দেয় জামায়াত-শিবিরকর্মীরা। সর্বশেষ ১৭ ডিসেম্বর স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার পর নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়ায়।

ব্যাপক সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় করা বিভিন্ন মামলার আসামি ধরতে ১৬ ডিসেম্বর রাত থেকে সাতক্ষীরায় অভিযান শুরু করে পুলিশ, র‌্যাব ও বিজিবি।

এ পর্যন্ত অভিযানে কৃষক লীগের এক নেতাসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী।