চট্টগ্রামে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর চট্টগ্রামে চান্দগাঁও এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে চান্দগাঁও থানাধীন সানোয়ারা ফ্যাক্টরির সামনের নালায় মাসুদ পারভেজের (২০) লাশটি পাওয়া যায়।
তিনি একই এলাকার মালির বাড়ির বাসিন্দা আবুল বশরের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
চান্দগাঁও থানার এসআই রাজু আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২ ডিসেম্বর রাতে মাসুদ নিখোঁজ হন। এ ঘটনায় মাসুদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
