বুড়িগঙ্গায় দুই লঞ্চের সংঘর্ষ
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনায় কেউ আহত না হলেও শরীয়তপুরগামী লঞ্চ ‘আদর’ ক্ষতিগ্রস্ত হওয়ায় সদরঘাটে ফিরে আসতে বাধ্য হয় বলে জানিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডাব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক ইসমাইল হোসেন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আদর’ লঞ্চটি বুধবার সকাল ৮টা ৫ মিনিটে সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরে যাওয়ার জন্য ছাড়ার পর এই দুর্ঘটনা ঘটে।
“লঞ্চটি মিলব্যারাক ঘাটে যাওয়ার পর হুলারহাট থেকে ঢাকামুখী ‘টিপু-১’ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ‘আদর’ লঞ্চের সামনের অংশ ভেঙে যায়। পরে লঞ্চটি সদরঘাটে ফিরে আসে।”
দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে ‘টিপু-১’ লঞ্চের ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, “দুই লঞ্চের মালিকপক্ষ মিলে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।”
বুধবার বিরোধী দলের অবরোধের মধ্যেও সদরঘাট থেকে পাঁচটি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে; সদরঘাটে পৌঁছেছে ৩৬টি লঞ্চ।
