২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের দিকে হাতবোমা, শিবির কর্মী আটক

বিএনপি-জামায়াত জোটের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন সকালে চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে জামায়াত-শিবির কর্মীরা। তবে এতে কেউ আহত হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

নগর পুলিশের সহকারী কমিশনার(পাঁচলাইশ জোন) আব্দুর রউফ জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে চান্দাগাঁও থানার খতিব বাড়ি এলাকায় এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

আটক মো. ফোরকান (২৪) একজন শিবির কর্মী বলে জানিয়েছে পুলিশ।

সহকারী কমিশনার রউফ বলেন, সকালে ওই এলাকায় কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।

এদিকে বেলা ১২টা পর্যন্ত নগরীর অন্য কোথাও অবরোধকারীদের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন সতর্ক অবস্থানে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নগরী থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, সীতাকুণ্ডের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

এর আগে অবরোধের প্রথম রাতে সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচটি কাভার্ড ভ্যানে আগুন দেয় পিকেটাররা।