চাঁদপুরে বিএনপি কার্যালয়সহ দোকান ভাংচুর
চাঁদপুরের দেবপুর এলাকায় বিএনপির কার্যালয়সহ বেশ কয়েকটি দোকানে ভাংচুর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
সদর উপজেলা ও হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দেবপুরে মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীদের সম্পর্কে পুলিশ নিশ্চিত করতে না পারলেও এজন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি।
হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, রাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় হামলা ও ভাংচুর চালিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী শুকরুল আলম জানান, তার দোকানসহ কবির টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, রনি স্টোর, সোহেলের মুদি দোকান, কামাল এন্টারপ্রাইজ, মুন্সী স্টোর, রাজু স্টোর, আল আমিন টেলিকম ও একটি ফলের দোকানে ভাংচুর চালানো হয়েছে।
হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির কার্যালয় ও দলের সমর্থকদের দোকানেই এ হামলা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহীরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার। সারা দেশজুড়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা নাশকতা চালাচ্ছে। বিএনপির লোকেরাই এ ঘটনা ঘটিয়েছে।”
আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মঙ্গলবার দেবপুরে এক প্রতিবাদ সভায় অংশ নেন। হরতাল ও অবরোধকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
