জরিমানা দিয়ে জেরার সুযোগ
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির এ কে এম ইউসুফকে ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে বাতিল হওয়া সাক্ষীদের জেরা করার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
একইসঙ্গে ইউসুফের আইনজীবী সৈয়দ মিজানুর রহমানকে ‘নিষিদ্ধ’ করার আদেশ পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, “দুটি শর্তে আপনাদের (আসামিপক্ষের) আবেদন মঞ্জুর করা হবে। প্রথমত আমাদের দেয়া সময়ের মধ্যে তাদের (সাক্ষীদের) জেরা শেষ করতে হবে। দ্বিতীয়ত সাক্ষীদের জেরা করতে ৪০ হাজার টাকা জরিমানা দিতে হবে।”
আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে জরিমানার টাকা ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে জমা দিতে বলা হয়েছে।
প্রসিকিউশনের দ্বাদশ থেকে পঞ্চদশ পর্যন্ত মোট চারজন সাক্ষীকে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর এবং ষোড়শ থেকে অষ্টাদশ পর্যন্ত তিনজন সাক্ষীকে ২৯ ও ৩০ ডিসেম্বর জেরা করার সুযোগ পেল ইউসুফের আইনজীবীরা।
তবে ইউসুফের প্রধান আইনজীবী সৈয়দ মিজানুর রহমানকে ট্রাইব্যুনাল-২ এ নিষিদ্ধের আদেশ বহাল রাখা হয়েছে। এর ফলে সাত সাক্ষীকে জেরা করার জন্য অনুমতি দেয়া হয় আসামিপক্ষের নতুন আইনজীবী মিজানুল ইসলামকে।
টানা ১৪ কার্যদিবস আদালতে অনুপস্থিত থাকায় গত ১১ ডিসেম্বর জামায়াত নেতার প্রধান আইনজীবী মিজানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ‘নিষিদ্ধ’ করা হয়।
কায়সারের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৯ ডিসেম্বর
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আসামিপক্ষের শুনানি নেয়া হবে আগামী ১৯ ডিসেম্বর।
মঙ্গলবার প্রসিকিউশনের শুনানি শেষে এই দিন ঠিক করে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
শুনানিতে প্রসিকিউটর রানা দাশ গুপ্ত বলেন, মুক্তিযুদ্ধের সময় সৈয়দ মো. কায়সার নিজ নামে একটি বাহিনী গঠন করে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অপরাধের ঘটনা ঘটিয়েছে।
তিনি আরো বলেন, “আমরা মনে করি ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করা সব অভিযোগের বিষয়ে আমরা প্রকৃত সাক্ষী ও প্রয়োজনীয় ডকুমেন্ট পেশ করতে সক্ষম হয়েছি, তাই তার বিরুদ্ধে এসব অপরাধে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করতে পারেন।”
এর আগে গত ৫ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ১৫ ডিসেম্বর দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। ১৫ ডিসেম্বর তা আরেক দফা পিছিয়ে ১৭ ডিসেম্বর দিন ঠিক করা হয়।
গত ১৪ নভেম্বর কায়সারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে ২৭ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করে দেয়া হয়।
ওইদিন প্রসিকিউশনের পক্ষ থেকে কায়সারের আইনজীবীদেরকে মামলা সংশ্লিষ্ট সব নথিপত্র ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে হস্তান্তর করারও আদেশ দেয়া হয়।
গত ১০ নভেম্বর সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে একাত্তরে নয় ধরনের মানবতাবিরোধী অপরাধে ১৮টি অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর মধ্যে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম।
গত ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশের পর ওইরাতেই গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
২১ মে কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৪ আগস্ট সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।
গত বছরের ২৮ মার্চ কায়সারের অভিযোগের বিরুদ্ধে তদন্ত শুরু করেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম। ৮১ জনের জবানবন্দি শুনে এ বছর ২১ সেপ্টেম্বর তদন্ত শেষ করেন তিনি।
