সীতাকুণ্ডে রাতে ৪ গাড়িতে আগুন
বিরোধী দলের চতুর্থ দফা অবরোধ শুরুর পর দিনে না ঘটলেও রাতে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারটি কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার এসব কভার্ড ভ্যানে অবরোধ সমর্থকরা আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
মহাসড়কের ইকোপার্ক এলাকায় তিনটি এবং ফকিরহাটে একটি কভার্ড ভ্যানে আগুন দেয়া হয়।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. ফখরুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে গিয়ে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নির্বাচন স্থগিত ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ৭২ ঘণ্টা অবরোধ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।
এর আগে অবরোধের সময় সীতাকুণ্ডে ব্যাপক গোলযোগ হলেও এবার প্রথম দিনে বন্দরনগরী চট্টগ্রাম শান্তই ছিল।
অবরোধে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও বোমাবাজি হলেও বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
