ফেনীতে দুই শ্রমিক গুলিবিদ্ধ
১৮ দলের চতুর্থ দফার টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথমদিনে ফেনীতে পুলিশের গুলিতে দুই শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে স্টার লাইন টার্মিনালের সামনে এ ঘটনায় আহতরা হলেন স্টার লাইন গ্রুপের শ্রমিক মোহাম্মদ সবুজ ও মোহাম্মদ শামীম।
তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
জানান, শিবিরের পিকেটাররা টার্মিনালের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
এ সময় পিকেটাররা পুলিশের দিকে হাতবোমা ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তখন ১১ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এর আগে তিনবার অবরোদ কর্মসূচি দেয়।
